ধুপগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু
দি নিউজ লায়ন ; জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু ঘটেছে। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশংকা রয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০ টা নাগাদ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ির ধুপগুড়ির জলঢাকা সেতুর কাছে ময়নাতলি এলাকায়।
জানা যায়, মঙ্গলবার রাত ৯ টা নাগাদ তিনটি ছোট গাড়ি করে ধুপগুড়ির ময়নাতলি এলাকায় বিয়ের বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন কনেপক্ষের আত্মীয়রা। সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। জলঢাকা সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাথর বোঝাই একটি ডাম্পার। সেটির পিছনে প্রথমে এসে ধাক্কা মারে কনেযাত্রীর একটি গাড়ি।
এরপরেই পাথর বোঝাই ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। সেই সময় কনেপক্ষের যাত্রী বোঝাই দুটি চার চাকার ছোট গাড়ি পর পর এসে পড়ে উলটা যাওয়া ডাম্পারটির উপর।
আর যাত্রী বোঝাই গাড়ি দুটির উপর হুড়মুড়িয়ে পড়ে পাথরের স্তুপ। এই ঘটনায় সাত নারী এবং চারটি শিশু সহ অন্তত ১৩ জনের মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন ১০ জন। আহতদের স্থানীয় জলপাইগুড়ি ও ধুপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনায় মৃত এবং আহতরা সকলেই ময়নাগুড়ির রানিহাটের বাসিন্দা। তারা সবাই একটি বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার শব্দে এবং আহতদের চিতকারে প্রথমেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। পরে পুলিশ ও উদ্ধারকারী দল চলে আসে। এই ঘটনায় পুলিশের অনুমান, ওভারলোডীংয়ের ফলেই ডাম্পারটি উলটে যায়।

Post a Comment